ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। শুক্রবার (৮ নভেম্বর) সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রথম ছয় মাসে নিহত ৩৪ হাজার ৫০০ জনেরও বেশি লোকের মধ্যে ৮ হাজার ১১৯ জনকে যাচাই করে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এদিকে গাজায় বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে ইসরায়েলের ‘স্পষ্ট উদাসীনতার’ নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, যুদ্ধের নিয়মকে অবজ্ঞা করছে ইসরায়েল। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, পরিসংখ্যানের মধ্যে ৭ হাজার ৬০৭ জন আবাসিক ভবনে নিহত হয়েছেন, যার মধ্যে ৪৪ শতাংশ শিশু, ২৬ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ। বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা ‘মানবতার বিরুদ্ধে অপরাধের’ শামিল।
জাতিসংঘ বলেছে, এই পরিসংখ্যান আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির নিয়মতান্ত্রিক লঙ্ঘনের ইঙ্গিত দেয়। সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী ছিলেন এক দিন বয়সী ছেলে এবং সবচেয়ে বড়, ৯৭ বছর বয়সী এক বৃদ্ধা। ৮৮ শতাংশ ক্ষেত্রে এক হামলায় পাঁচ বা ততোধিক মানুষ নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘ইসরায়েলি বাহিনীর এই আচরণে নজিরবিহীন মাত্রায় হত্যা, আহত, অনাহার, অসুস্থতা ও রোগের ঘটনা ঘটেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এ প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
ছুটির দিনেও যানজটে স্থবির ঢাকা
ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন জামায়াত আমির