জার্মানিতে অবিলম্বে আস্থাভোট চান বিরোধীরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

ক্ষমতাসীন জোটে ভাঙনের পর জানুয়ারিতে আস্থাভোট নিতে চান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। কিন্তু বিরোধীরা দেরি করতে চান না।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, প্রধান বিরোধী দল সিডিইউ-এর নেতা ফ্রিডরিখ মেরজের সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের বৈঠক হয়েছে। শলৎস এই আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। তারপর মেরজ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে একঘণ্টা ধরে কথা হয়।

মনে করা হচ্ছে, স্টাইনমায়ারের সঙ্গে মেরজের আলোচনার প্রধান বিষয় ছিল দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আরেক বিরোধী দল এএফডি-ও অবিলম্বে নির্বাচন চেয়েছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।

প্রেসিডেন্ট স্টাইনমায়ার এফডিপির তিন মন্ত্রীকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। একদিন আগেই চ্যান্সেলর শলৎস এফডিপি নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেন। তারপর এফডিপি-র দুই মন্ত্রী পদত্যাগ করেন।

পরিবহনমন্ত্রী ফলকার উইসিংকে এফডিপি-ই পূর্ণ মন্ত্রী করেছিল। তবে তিনি দল ছেড়েছেন। তাকে এখন শলৎস বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত