ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন ১৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সাদা বলের নিয়মিত মুখ জশ ইংলিশ। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন। পার্থে উসমান খাজার সঙ্গে ইনিংস উদ্বোধনের কথা অভিষেকের অপেক্ষায় থাকা নাথান ম্যাকসুইনির।
অবশ্য ম্যাকসুইনির দলে সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক হতে পারে। ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টের দুই ইনিংসে তিনি যথাক্রমে ১৪ এবং ২৫ রান করেন। সুযোগ পাওয়ার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশেষজ্ঞ ওপেনার মার্কাস হ্যারিস। কিন্তু তরুণ ওপেনারের ওপরেই আস্থা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এছাড়াও ব্যাটিং শক্তিশালী করতে রাখা হয়েছে ইংলিশকে।
মার্নাস লাবুশানের কাছ থেকে টেস্ট দলে ডাক পাওয়ার খবরটি পান ম্যাকসুইনি। দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ বলেছেন, ‘গত দুই বছর ধরে শেফিল্ড শিল্ডে ধারাবাহিকভাবে রান করেছি। আমার ব্যাটিং আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। পারফরম্যান্সও ধারাবাহিক। মনে হচ্ছে জীবনের সেরা ক্রিকেট খেলছি। ভারত ‘এ’ দলের বিপক্ষেও ম্যাচে ভালো ব্যাটিং করেছি। এটা তার পুরস্কার।’
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি ম্যাচে ৩৮.১৬ গড়ে রান করেছেন ম্যাকসুইনি। শেষ দুই মৌসুমে তার গড় ৪৩.৪৪। অস্ট্রেলিয়া ‘এ’ দল এবং সাউথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে তার। অস্ট্রেলিয়ার দলে আর তেমন কোকনো চমক নেই। কামিন্স ছাড়াও পেসার হিসাবে আছেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। দলে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকেও।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি এবং মিচেল স্টার্ক।
টুপি ছাড়া পাকিস্তানি অল-রাউন্ডারের অদ্ভুত অভিষেক!
সাকিবের তোপ আর সল্টের সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!