জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন।

সাবেক প্রধানমন্ত্রীর লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) বিপরীতে এই আদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করারও অনুমতি পেয়েছেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলে তার ১০ বছরের সাজা বাতিলের আবেদন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত