জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত লড়াই করে যাব: আমিনুল হক

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনস্বার্থে রাজনীতি করে, সাধারণ জনগণ কি চায়? জনগণ কি প্রত্যাশা করছে? জনগণের চাওয়া ও প্রত্যাশা নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। জনগণের গণতান্ত্রিক অধিকার-ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত একটা উন্নত-সমৃদ্ধ ও সুন্দর এবং শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা লড়াই করে যাব।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে পল্লবীর ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড় ও দোয়ারীপাড়া এলাকার বিভিন্ন স্পটে দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় অফিস অপসারণকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক পেক্ষাপটে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন জিনিস লাগাতে হয়, আবার অনেকক্ষেত্রে সাধারণ মানুষ এটাকে ভালো চোখে দেখে না, মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সেই জায়গা থেকেই আমরা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে- আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা-ওয়ার্ডের দলীয় বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন নামিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলতে হবে এবং সকল দলীয় কার্যালয় অপসারণ করতে হবে।

মানুষ ভাবছে- আওয়ামী লীগ যা করেছে, বিএনপি ও সেটাই করছে, সেই বদনামের দায়ভার আমরা নিতে চাই না উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে ভুল করেছে,আমরাও যদি একই ভুল করি তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্থক্য রইল কোথায়? আওয়ামী লীগ বিগত ১৭ বছরে অবৈধভাবে জায়গা দখল করে অফিস বানিয়েছে, কিন্তু তারা আমাদের কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে একটা অফিস ও ব্যবহার করতে দেয় নাই। তারপরও আমরা হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির নেতা মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, রুপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আসরাফ আলী লিটন, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত