অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তাদের দাবি, অন্য সময়ের মতো বর্তমানেও রংপুর ও রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে। বৈষম্যের শিকার হচ্ছে এই দুই বিভাগের বাসিন্দারা।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনে সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানান তারা।
এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। সমাবেশ থেকে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আগামীকাল (মঙ্গলবার) অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে ২৪ বিপ্লবের মাস্টারমাইন্ড আখতার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামীম মুনতাসীর অহন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, ইয়াসির আরাফাত প্রমুখ।
আমোরিম বললেন ম্যানইউই 'আমার পথ'
বিটিভির জিএমের বিরুদ্ধে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকে তলব