অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দায়িত্বে রাখলেও হয়তো প্রকৃতিই তাকে চায়নি এই পদে। না হলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে ছিড়ে যায় পেশি আর চলে যেতে হয় মাঠের বাইরে!
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শিরোপা নির্ধারণী ওয়ানডেতে খেলা হচ্ছে না শান্ত'র, আরব আমিরাত থেকেই তাকে দেশে ফিরে আসতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে তার খেলা হচ্ছে না, বিসিবি থেকে পাঠানো বার্তায় জানিয়ে দেয়া হয়েছে দুঃসংবাদ। ডাক্তার দেবাশীষ বলেছেন, গতকাল (রবিবার) শারজায় তার এমআরআই করানো হয়েছে এবং তার বাম কুঁচকির পেশিতে গ্রেড-টু স্ট্রেইন ধরা পড়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও শান্ত খেলতে পারবেন না'। শান্ত'র অবর্তমানে মেহেদি হাসান মিরাজই হবেন সম্ভাব্য অধিনায়ক কারণ তিনিই ঘোষিত দলের সহ-অধিনায়ক।
শান্ত'র বিকল্প হিসেবে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের খোঁজে নির্বাচকরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, ' আসলে আমরা ৩ জন ( ৩ নির্বাচক) ৩ জায়গায় তাই আমাদের মধ্যে যোগাযোগটা হয়নি। হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দেব। তবে বিকল্প খুব বেশি নেই, ৩-৪ জনের নাম আছে যেটা আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন'। টেস্ট দলে জায়গা পাবার দৌড়ে এগিয়ে আছেন শাহাদাত হোসেন দীপু, ৪ টেস্ট খেলা এই ব্যাটসম্যান কাল কক্সবাজারে বরিশাল বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের হয়ে। বিসিবি'র এইচপি দল ও বাংলাদেশ এ দলের হয়ে ডারউইন ও পাকিস্তান সফরও করেছেন। তাকেই টেস্ট দলে নেবার সমূহ সম্ভাবনা। এছাড়াও আলোচনা হতে পারে মার্শাল আইয়ুব, ডাবল সেঞ্চুরি করা অমিত হাসানকে নিয়েও। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দূরত্ব বিচারে তাদের দলে জায়গা পাবার সম্ভাবনা কমই।
১৪৭ কিমি গতিতে প্রথম উইকেট নাহিদের