ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে ৬০ দিনের মধ্যে।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। গত ৬ নভেম্বর এ রিট আবেদনটি করা হয়।
ব্যারিস্টার মাহিম এম রহমান দেশ রূপান্তরকে বলেন, এ মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতোমধ্যে সাড়ে তিনশ মানুষের মৃত্যু হয়েছে। ৭২ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত ডিটেকটেড হয়েছে। এটা সরকারি হিসেবে হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুনের বেশি। কিন্তু এটি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারতের কলকাতায় নানা পরিকল্পনায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে এনেছে। মালয়েশিয়াও এ বিষয়ে চেষ্টা করে সফল হচ্ছে। দেশে অনেক আন্তর্জাতিক প্রতিষ্টান ডেঙ্গু বা মশাবাহিত রোগ নিয়ে কাজ করলেও তাদের সঙ্গে সরকারগুলো যোগাযোগ করে না। আগের সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান কাজ করেনি। বর্তমান সরকারের উদ্যোগও এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয়।
তিনি বলেন, আমাদের বক্তব্য শুনে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় উষ্মা প্রকাশ করেছেন। আদালত বলেছেন এ বিষয়ে সরকারের আরও মনোযোগী হওয়া প্রয়োজন।’
আইনজীবী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এলজিআরডি সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন আদালত।
সেবা সংস্থাগুলোর সমন্বয় ছাড়া শুধু প্রকল্প দিয়ে জলাবদ্ধতা নিরসন অসম্ভব : মেয়র শাহাদাত
ঢালাও মামলা বিব্রত করছে অন্তর্বর্তী সরকারকে: আইন উপদেষ্টা