অনন্য মামুন ‘গালি ডিজার্ভ করে’: শাকিব খান

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। স্বাভাবিকভাবেই ঢালিউড সুপারস্টারের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগে ভক্তদের প্রত্যাশা বেশি থাকে। এবার সেই উন্মাদনায় আরও ঘি ঢেলেছিলেন পরিচালক অনন্য মামুন। 

সিনেমার মুক্তিকে কেন্দ্র করে একের পর এক পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তবে বাস্তবে সেসব পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি অনন্য মামুন। ফলে শাকিব ভক্ত ও দর্শকদের রোষানলে পড়েছেন তিনি। পাশাপাশি অন্তর্জালে গালিও শুনতে হচ্ছে তাকে।

বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন শাকিব খান। সোমবার কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের আয়োজনে হাজির হয়ে এই নায়ক বলেন, ‘মালয়েশিয়াসহ অন্য দেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড়ি খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।’

এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন। তিনি যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন। তাকেও সে সময় লজ্জা পেতে দেখা যায়। 

এদিকে সোমবার প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার ট্রেলার ও গান। সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্য মামুন।

এদিন শাকিব নতুন সিনেমা নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত