বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। গতকাল মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল ঘোষণা করেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে হার্ভেকে বুকার পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর এক দিনের কাটানো জীবন নিয়ে লেখা ‘অরবিটাল’ উপন্যাসটিতে পৃথিবী থেকে মহাকাশকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে।

উপন্যাসটির কাহিনি অনুসারে, ছয় নভোচারীর মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। তারা মহাকাশে একত্রিত হয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, সীমানা, টাইম জোনের জটিলতা এবং মহাকাশের সৌন্দর্য পর্যবেক্ষণ করেন।

বিচারক এডমুন্ড ডে ওয়াল উপন্যাসটি সম্পর্কে বলেন, অরবিটাল উপন্যাসটি একটি ক্ষতবিক্ষত পৃথিবীর গল্প। যেখানে মহাকাশচারীরা পৃথিবীর পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দেয়। নিজেদের পৃথিবী থেকে অনেক দূরে, তাদের অস্তিত্বকে নতুনভাবে উপলব্ধি করেন। 

পুরস্কার ঘোষণার পর লেখক হার্ভে বলেন, তিনি এই ৫০,০০০ পাউন্ড পুরস্কারের অর্থ সেই সব মানুষদের উৎসর্গ করছেন, যারা পৃথিবীর পক্ষে কথা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন এবং মানবতার সেবা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত