নিজেকে জাহির করতে পোস্টার-ব্যানার লাগাবেন না: আমিনুল হক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ-বিএনপি জনগণের পাশে থেকে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, জনগণের দুর্ভোগ হয় এমন কোনও কাজ দলের নেতাকর্মীদের করা যাবে না।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রূপনগরের আরামবাগ ঈদগাহ মাঠে রূপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের দুর্ভোগ হয়, কষ্ট হয়, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়- এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দুটি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না- দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। তখন তো কোনও অফিসের প্রয়োজন হয়নি আমাদের। নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোনও প্রকার পোস্টার-ব্যানার লাগানো যাবে না। এটা দলীয় সিদ্ধান্ত।

আমিনুল হক বলেন, দেশের সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। বিচার বিভাগ তার স্বাধীন মতো কাজ করবে, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে। মানুষ তার নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবে, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া এবং সেই চাওয়া পূরণ করার দায়িত্ব হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করুন। গত ১৬ বছরে আমরা আমাদের বহু ভাইদের হারিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

রূপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহ্বায়ক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান ও সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহিলাদল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত