পাকিস্তানে কোনো টুর্নামেন্ট হলেই সেটা নিয়ে শেষ সময়ে বাধে বিপত্তি। ভারতের আপত্তির কারণেই মূলত সেটা হয়। এশিয়া কাপের আগেও তা নিয়ে ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ পৌঁছেছিল চরমে। এবার যখন চ্যাম্পিয়নস দরজায় কড়া নাড়ছে, তখনও সেই পুরনো আলাপ নতুন করে কপচানো শুরু হয়েছে। টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত, সেটা তারা আইসিসিকে জানিয়েও দিয়েছে। পিসিবিও হাটতে চায় না হাইব্রিড মডেলের পথে।
দুই দেশের মধ্যকার উত্তেজনায় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত-পাকিস্তানের এই মুখোমুখি অবস্থানে আইসিসির ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন, ‘আমার মতে, ভারত–পাকিস্তান দুই দেশের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।’
ভারতকে দায়ী করে লতিফ বলেন, ‘প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।’
ভারতের সঙ্গে সব ধরনের টুর্নামেন্টে ম্যাচ বর্জনের পরমার্শ দিয়েছেন পাকিস্তানকে। তার মতে, ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে এসে কোনো ম্যাচ খেলবে না তাই তাদের বিপক্ষে কোনো ম্যাচেই পাকিস্তানের অংশ গ্রহণ করা উচিত না।
রশিদ বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। যদি পাকিস্তানে খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।’
টেনিসের অভিষেকটা রাঙা হলো না ফোরলানের
মেয়েরা হলো চ্যাম্পিয়ন, ছেলেরা হারল নড়বড়ে মালদ্বীপের কাছে!