রংপুরের কোচের ভূমিকায় আশরাফুল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এক সময় চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি-টোয়েন্টি আয়েোজন করা হত। সেখানে অংশ নিতে দেখা যেত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দলগুলোকে। কালের পরিক্রময়া সেটা বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের পর টুর্নামেন্টটি মাঠে গড়ায়নি।

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটা টুর্নামেন্ট আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। ইতোমধ্যে তাদের ম্যাচসূচিও ঘোষণা করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।

মিরপুর শেরে বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গনে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন প্রথমদিনের অনুশীলনে। এছাড়া রংপুরের কোচের ভূমিকায় দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে।

রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

রংপুর রাইডার্স স্কোয়াড :

নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত