র‌্যাঙ্কিংয়ের ৪৪তম দলকেও সমীহ করছেন ব্রাজিল কোচ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ফুটবলের দেশ হিসেবে খ্যাত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন ফিফা র‌্যাঙ্কিংয়ে পঞ্চম। অন্যদিকে ভেনেজুয়েলা ৪৪তম। র‌্যাঙ্কিংয়ে এই বিশাল পার্থক্য ছাড়াও দুই দেশের ফুটবল সংস্কৃতির পার্থক্যাও বিস্তর। তারপরও বাছাইপর্বের ম্যাচটি নিয়ে সতর্ক ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে ৪-০ ও চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এর আগে তারা হেরেছে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান এখন চারে। আধুনিক ফুটবলে বড় এবং ছোট দলের মাঝে যে ব্যবধান ছিল সেটি কমে আসছে। তাই কখনো বিশ্বকাপেও খেলতে না পারা ভেনেজুয়েলাকেও হালকাভাবে নেওয়ার কথা ভাবছেন না দরিভাল।

ভেনেজুয়েলার উদ্দেশে উড়াল দেওয়ার আগে ব্রাজিল কোচ বলেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে ফুটবলের ওয়ার্ল্ড অর্ডার (শক্তির বিচারে বৈশ্বিক ক্রমতালিকা) বদলে যাচ্ছে। দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশিরভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

দরিভাল মনে করেন, বড় দলগুলোর উন্নতির জায়গা খুব একটা নেই। এই সুযোগেই ছোট দলগুলো নিজেদের মানের উন্নতি ঘটিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনটি এসেছে গোটা বিশ্ব ফুটবলেই। ব্রাজিল কোচের ভাষায়, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত