গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, পুলিশের ওপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছিল, পুলিশ দানবে পরিণত হয়েছিল। সরকারের সহযোগিতায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ। তারা বলে বেড়াত আমরা সরকার বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারেনি। তাই এ দাম্ভিকতা ঠিক না। যার কাজ যেটি তাকে সেটিই করতে দেওয়া উচিত। সেই দানব পুলিশ কিন্তু আজ অসহায় পুলিশ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের পুলিশের বিরুদ্ধে একটি জিনিস সব সময় বলা হয় দুষ্টের দমন, শিষ্টের পালন। আমরা গত কয়েক বছর দুষ্টের দমনও করিনি আর শিষ্টের পালনও করিনি। মানুষের নামে গায়েবি মামলা দিয়েছি। গুম, খুন করেছি এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। এটি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায়ে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। সত্য প্রকাশ করবেন, আমাদের দোষ ত্রুটি তুলে ধরবেন। তবে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কিছু লিখবেন না।
মতবিনিময়সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, রিয়াজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার আকবর আলী মুনসি, নাজির আহমেদ খান, আলমগীর হোসেন, আবু তোরাব মো. সামসুর রহমান, মো. ইব্রাহিম খান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পোষ্য কোটা কমিয়ে, মুক্তিযোদ্ধা কোটা রেখে রাবিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা