১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন কিউই গতি তারকা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

নিউজিল্যান্ডের হয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন টিম সাউদি। চলতি মাসে তিন টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে ইংল্যান্ড। আগামী ১৪ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি খেলেই তিনি ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন।

অবসর ঘোষণায় সাউদি বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছি বড় হয়েছি। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮ বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের। তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে।’

তিনি আরও বলেন, ‘যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই। পরিবার, বন্ধু, কোচ, ভক্ত এবং খেলার সঙ্গে জড়িত যারা ক্যারিয়ারজুড়ে আমাকে সহায়তা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। ৩৬ ছুঁইছুঁই বয়সের এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ন্যূনতম ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৭৭০ উইকেট নিয়েছেন। মাঝে দুই বছর নিউজিল্যান্ডকে ১৪ টেস্টে নেতৃত্বও দিয়েছেন।

২০২৩ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা সাউদি এখন পর্যন্ত ১০৪ টেস্টে নিয়েছেন ৩৮৫ উইকেট। দেশের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ৪৩১ উইকেট নিয়ে শীর্ষে রিচার্ড হ্যাডলি (৪৩১)। বোলার হয়েও ব্যাট হাতে অবদান রেখেছেন। টেস্টে তার ৯৩টি ছক্কা আছে। তার চেয়ে বেশি ছক্কা শুধু ব্রেন্ডন ম্যাককালামের (১০৭), যিনি স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত