দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রেকর্ড গড়ে জয় পেয়েছে ভারত। তাতে চার ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে গেছে ভারত। আজ শেষ ম্যাচে জয় পেলে সিরিজও জিতে নেবে সূর্যকুমার যাদবের দল। সেঞ্চুরিয়নে বুধবার ভারত আগে ব্যাট করে তোলে ৬ উইকেটে ২১৯ রান। সেঞ্চুরি করেন তিলক ভার্মা। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ভারত জেতে ১১ রানে।
ভারতের স্কোর ২০০ স্পর্শ করাতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড। ২০২৪ সালে মোট আটবার ২০০ রানের ঘর ছুঁয়েছে ভারত, যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম। এক বছরে সর্বোচ্চ সাতবার ২০০ বা তার বেশি রান করার কৃতিত্ব এর আগে ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করে থাকেন সূর্যকুমার। তবে প্রোটিয়াদের বিপক্ষে বুধবার তিন নম্বরে নামেন তিলক ভার্মা। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররাও তাতে বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৭ রান করে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। পরে জানা যায়, অধিনায়কের কাছ থেকে চেয়েই তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন তিলক। এর আগে তিনে ৮ ইনিংস ব্যাট করে ১২০ রান করতে পারা তিলক বলেন, ‘এটা ছিল আমার স্বপ্ন এবং দলের হয়ে সেঞ্চুরি করার উপযুক্ত সময় ছিল এটিই। অনেকটা সিরিজ নির্ধারণী ম্যাচই ছিল। চাপের মধ্যে ভালো ইনিংস খেলেছি। সব কৃতিত্ব আমার অধিনায়ক সূর্যকুমার যাদবের, তিনিই আমাকে সুযোগটি দিয়েছেন (তিনে খেলার)।’
