মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, সাকিব মিরাজ তাসকিনের ১ কোটি

আইপিএল মেগা নিলামের চূড়ান্ত খেলোয়াড় তালিকা ও ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

আগামী আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

আরেক পেসার তাসকিন আহমেদ, দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

আইপিএল কর্তৃপক্ষ শুক্রবার রাতে প্রকাশ করেছে নিলামের চূড়ান্ত তালিকা। তালিকায় বাংলাদেশ থেকে আরও আছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের সবার ভিত্তিমূ্ল্য ৭৫ লাখ রুপি।

নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ৫৮৪ ক্রিকেটার। তবে যাচাই-বাছাই শেষে আজ ৫৭৪ জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও ৩ জন ক্রিকেটার আছেন। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় এবারের আইপিএল মেগা নিলাম হওয়ার কথা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত