‘যারা বিগত নির্বাচনে অংশ নেয়নি তাদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

একক ভাবে নয়, শেখ হাসিনার আমলে যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না। শেখ হাসিনার আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি এমন সব দলকে নিয়ে সরকার গঠন করবে বিএনপি।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ৫ আগস্ট বিপ্লব নয়, দেশে গণঅভ্যুত্থান হয়েছে। এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। অন্তর্বর্তী সরকারকে যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে নির্বাচন না হলে এ আন্দোলন-সংগ্রামে শহীদদের রক্ত বৃথা হয়ে যেতে পারে।

তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোনো বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার বলে দাবি করেন তিনি।

বুলু বলেন, শেখ হাসিনা দেশকে যে জায়গায় নিয়ে গেছে সেখান থেকে দেশকে এগিয়ে নিতে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত