নওগাঁয় অযোগ্যদের খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

নওগাঁর বদলাগাছী উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা করে পছন্দের ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটির বিরুদ্ধে। 

খাদ্যবান্ধব নীতিমালায় ডিলার নিয়োগে একই বিক্রয়কেদ্রের জন্য আবেদনকারীদের তথ্যাদি যাচাই-বাছাইয়ে একাধিক ব্যক্তি যোগ্য হলে লটারির মাধ্যমে যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নিয়োগ দিতে হবে। কিন্তু নিয়োগ কমিটি একই কেন্দ্রের জন্য একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও লটারি না করেই গত ১২ নভেম্বর পছন্দমতো ১৫ জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। নিয়োগ আদেশ প্রকাশ হওয়ার পর থেকে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়। 

গত বৃহস্পতিবার দিনভর দুনীতিযুক্ত নিয়োগ কমিটি বাতিলের দাবি ও স্বচ্ছতার মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য অনশন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা ও বদলগাছী উপজেলার প্রতিনিধিরা। তাদের সঙ্গে ডিলার নিয়োগের অনেক আবেদনকারীও অংশ নেন। আন্দোলনকারীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীকে দ্রুত বদলির জন্য আহ্বান জানান। দলমত নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে স্বচ্ছতার মাধ্যমে পুনরায় নিয়োগ দিতে ও সবাইকে দুনীতি ও অনিয়মের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ১৬টি বিক্রয়কেন্দ্রের জন্য আগ্রহী ব্যক্তিদের ২১ অক্টোবরের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বরাবর আবেদন করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৬৬ জন আগ্রহী ব্যক্তি আবেদন করেন। আবেদনকারীর তথ্যাদি যাচাই-বাছাইয়ে ২৭ জন ব্যক্তির আবেদন বাতিল করা হয়। পরবর্তীতে ৩৯ জন আগ্রহী ব্যক্তির মধ্যে থেকে ১৫ জন ব্যক্তিকে গত ১২ নভেম্বর ডিলার নিয়োগ করে নিয়োগ আদেশ প্রকাশ করা হয়।

খাদ্যবান্ধব ডিলার নিয়োগ প্রত্যাশী জানান, আবেদন করার পরে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাকে বাতিল করা হয়। বাতিল করার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে বাতিলের কারণ জানতে গেলে তা জানাতে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে খাদ্য নিয়ন্ত্রককে বাতিলের কারণ জানিয়ে দিতে বলেন। কিন্তু তারপরও তিনি তার আবেদন বাতিলের কারণ জানাননি। 

বদলগাছী উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব সাবরিন মোস্তারী নীতিমালায় লটারির কথা উল্লেখ থাকা সত্ত্বেও লটারি না করার কারণ জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে জানান, উপজেলা খাদ্যবান্ধব কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে লটারি ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহবুব হাসান দেশ রূপান্তরকে জানান, খাদ্যবান্ধব নিয়োগের জেলা কমিটি সকল আবেদনকারীর কাগজপত্র চেয়েছে, সেটি জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার দেশ রূপান্তরকে জানান, গত বৃহস্পতিবার উপজেলা খাদ্যবান্ধব কমিটিকে নিয়োগ সক্রান্ত সকল তথ্যাদি দিতে বলা হয়েছে।  

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল দেশ রূপান্তরকে জানান, ইতিমধ্যে জেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিবকে উপজেলা খাদ্যবান্ধব কমিটির কাছে চিঠি দিয়ে সকল আবেদনকারীর কাগজপত্র দিতে বলা হয়েছে। যে বিক্রয় কেন্দ্রে একের অধিক যোগ্য আবেদনকারী থাকবে সেই বিক্রয় কেন্দ্রে পুনরায় লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত