প্রতিষ্ঠার আঠারো বছর উদযাপন করছে বাংলাদেশের প্রথম অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গত কয়েক বছরের মতো এবারও সাবেক-বর্তমান সহকর্মীদের নিয়ে রাজধানীর মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ছিল অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর ঘরোয়া আয়োজন।
২০০৬ সালের ২৩ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলার শুরু। তবে প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল এর এক বছর আগে ২০০৫ সালে। তখন অবশ্য অন্যান্য বার্তা সংস্থার মত ‘বিডিনিউজ’ সংবাদমাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ কাজটি শুরু করে ইন্টারনেটের মাধ্যমে।
২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর এটি খোল-নলচে বদলে যায়। সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সংবাদমাধ্যমকে দেশের প্রথম ডটকম কোম্পানিতে রূপ দেয়। ২৩ অক্টোবর পথ যাত্রা শুরু হয় নতুন আঙ্গিকে।
১৮ বছরের পথ চলায় সংবাদের মোড়কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যত ইতিহাস গ্রন্থনার কাজটি করে গেছে। নিত্য নতুন উদ্ভাবনে উন্মোচন করে গেছে নতুন নতুন সংবাদ সেবা, যে পথ ধরে এগিয়ে এসেছে আরও অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র, দিনে দিনে যেমন কাজের ব্যপ্তি বেড়েছে, তেমন মিলেছে পাঠক, শুভানুধ্যায়ীদের সাড়া। অসময়ের চাপ আমাদের কোণঠাসা করতে চেয়েছে, বদলে যাওয়া প্রত্যাশা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু সংবাদের সততায় আমরা কোন আপস করিনি।
আগামী ১৯ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর এক হোটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন উদযাপনের আয়োজন করা হয়েছে। পুরোনো সংকটের অভিঘাত পেরিয়ে নতুন সম্ভাবনার আশা জাগানিয়া এই আয়োজনে বিভিন্ন অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবে।
অনুষ্ঠানে সরকার, রাজনৈতিক দলের নীতি-নির্ধারকদের পাশাপাশি ব্যবসায়ী, আইনজীবী, কবি-সাহিত্যিক-সাংবাদিক, ক্রীড়া তারকা, সংস্কৃতি জগতের পরিচিত মুখ ছাড়াও অনেকে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সরাসরি সম্প্রচার করা হবে।
