পূর্ণ সুবিধাসহ পুনর্বহালের দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের  

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:২৭ পিএম

চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবি করেন বিডিআর বিদ্রোহে চাকরি হারানো সদস্যরা। এ সময় চাকরিচ্যুত ওই ব্যাটালিয়নের সদস্যরা পাঁচ দফা দাবি জানান। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে '২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুর, এর নিরাপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের' দাবিতে আয়োজিত স্মারকলিপি ও প্রদান সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ২০০৯ সালে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে হাবিলদার মো. সিরাজুল ইসলাম তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।  তাদের দাবিগুলো হলো- বিশেষ আদালত কর্তৃক প্রদত্ত রায় নির্বাহী আদেশে বাতিল করা; চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সকল সৈনিকদের বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা; ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্তপূর্বক দোষীদের বিচার যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা।

এছাড়া পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা; বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্য যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর যাবৎ কারা অন্তরীন আছে, তাদেরকে অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতিপূর্বক মুক্তি দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত