কোহলিকে ঠেকাও, ভারতকে হারাও

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির ফর্ম অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। ব্যাটে রান নেই। কিছুদিন আগে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারত। ওই সিরিজে কোহলি সব মিলিয়ে মাত্র ৯৩ রান করেছেন, যাতে একটি ৭০ রানের ইনিংসও আছে! ভারতকে হারাতে সেই ফর্মহীন কোহলিকেই টার্গেট করতে বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। কারণ, অজিদের বিপক্ষে তার রেকর্ড দুর্দান্ত।

আগামী শুক্রবার পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ সামনে রেখে ‘ডেইলি টেলিগ্রাফ’কে ম্যাকগ্রা বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে কোহলির রান নব্বইয়ের মতো, যদিও একটা ৭০ রানের ইনিংস আছে। এর মানে হচ্ছে সে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই সে এখানে চাপে থাকবে। অস্ট্রেলিয়া যদি প্রথম টেস্টেই ভালো বোলিং করে তাকে দ্রুত আউট করতে পারে, পুরো সিরিজে এর প্রভাব পড়বে। প্রথম ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

বিরাট কোহলিকে স্লেজিং করলে তিনি ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন। তাই অজিরা তাকে খুব কমই স্লেজিং করে। এরপরও টেস্টে ৫৬৩ উইকেট শিকারী ম্যাকগ্রা ভারতের এই সুপারস্টারকে ‘আবেগপ্রবণ’ উল্লেখ করে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বোলাররা যদি কোহলিকে টার্গেট বানায় আর সেও আবেগ দিয়ে লড়াই শুরু করে, তাহলে কিছু কথার লড়াই দেখা যেতে পারে। কে জানে, এর ফলে সে গর্জে উঠতেও পারে।’

১৭ বছর আগে সর্বশেষ টেস্ট খেলা ম্যাকগ্রা আরও দাবি করেন, তিনি খেলার মধ্যে থাকলে ভারতকে ৫-০  ব্যবধানে হোয়াইটওয়াশ করার কথা বলতে পারতেন। এর পেছনে যুক্তিও আছে সাবেক অজি গতি তারকার, ‘ওরা যেহেতু নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে হেরে এসেছে। এই দুর্বলতাকেই গোলাবারুদের মতো ব্যাপকভাবে ব্যবহার করা যায়। ওদের ওপর চাপ তৈরি করতে হবে, তারপর দেখা যাক ওরা চাপ নিতে পারে কি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত