ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে। তবে কিছু দুর্বল ব্যাংক খুঁড়িয়ে চললেও, কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয়। ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু কিছু ব্যাংক খুড়িয়ে চলবে, কিন্তু বন্ধ করে দেয়া হবে না।
ব্যাংকখাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে ঘুরে দাঁড়াচ্ছে।‘ সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি, পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
বাজেট প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে। রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না। সরকারের ওপর চাপ রয়েছে। যে সব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহেতুক নেয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয়, এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে, সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের বেতন-ভাতা আটকাবে না বলে জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম অটোমেশনের কাজ চলছে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের সব সিস্টেম অটোমেটিক করলেই সমস্যার সমাধান সম্ভব। এনবিআর এটা নিয়ে কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
ইবিতে ফের নবীন শিক্ষার্থীদের র্যাগিং, জড়িতরা থানা হেফাজতে