বছরের শেষ ম্যাচে মাঠে নামার আগে মেসির বার্তা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে ২০২৪ সাল। এ বছর আর্জেন্টিনার আর একটিই ম্যাচ বাকি আছে। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বছরের শেষ ম্যাচের আগে তাই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন মেসি।  

বাছাইপর্বের আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে আর্জেন্টিনা। এতে অবশ্য তাদের কোনো ক্ষতি হয়নি। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন আছে। তবে বছরের শেষ ম্যাচে জয় চান স্কালোনির শিষ্যেরা। আর মেসির তো মাঠে নামার তর সইছে না। সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে আগামীকাল সবার সঙ্গে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

মেসির জন্য বছরটা অবিস্মরণীয়ই বটে। জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামিকে নতুন শিরোপা এনে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ২৫ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন। আর জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিকসহ ১০ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি করিয়েছেন ৪টি।

বছরজুড়েই মেসিকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। কোপা আমেরিকায় পাওয়া চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোটের হানা না থাকলে এ বছর তার ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতে পারত। এর পাশাপাশি রেকর্ড পয়েন্ট নিয়ে নিয়মিত মৌসুম শেষ করার পরও মায়ামিকে প্লে-অফের সেমিফাইনালে যেতে না পারা মেসির জন্য আরেকটি আক্ষেপের কারণ হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত