চাকরি থাকবে কিনা জানেন না ব্রাজিল কোচ দরিভাল

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের সঙ্গে ম্যাচ দুটিতে স্কোরলাইনও একই ১-১। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এমন পারফর্মেন্সের পরও দলের উন্নতি দেখছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

বুধবার উরুগুয়ের সঙ্গে পয়েন্‌ট ভাগাভাগির পর সংবাদ সম্মেলনে, ‘প্রতিমুহূর্তেই উন্নতি হচ্ছে। সব খেলোয়াড়ের পারফরম্যান্সেই সেটা দেখছি। শেষ দুই ম্যাচে আমরা ভালো খেলেছি। ভাগ্যটা আরেকটু ভালো হতে পারত। আরও একটি গোল পেলে দ্বিতীয়স্থানে থেকে বছর শেষ করতে পারতাম। আমার মনে হয়, অনেক কিছুই পাল্টেছে। আমরা সঠিক পথেই আছি। আমরা ফল চাই এবং সেটার খুব কাছাকাছিই আছি। আদর্শ দলটা বের করতে আমাদের ধৈর্য ধরতে হবে, যে দলটা সমর্থকদের আরও আত্মবিশ্বাস এনে দেবে।’

অর্থাৎ, দরিভাল নিজেই স্বীকার করে নিয়েছেন যে দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হয়ে গেলেও সঠিক দল বাছাই করতে পারেননি। তাছাড়া টানা দুই ড্রয়ের পর তার চাকরি নিয়েও প্রশ্ন উঠেছে। নিজের চাকরির বিষয়ে দরিভাল বলেন, ‘আমার চেয়ে এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন ফুটবল পরিচালক এবং সভাপতি। ব্রাজিলিয়ানদের কাছে ফলই সবকিছু। সেটা আমিও জানি। ক্লাবগুলোয় আমার জীবন এভাবেই কেটেছে।’

ফন্তে নোভায় ম্যাচে স্বাগতিক দর্শকদের দুয়ো শুনেছে ব্রাজিল। তবে দর্শকদের দুয়ো নিয়ে অতটা চিন্তিত নন ব্রাজিল কোচ, ‘সেটা অবশ্যই ফলাফলের জন্যই দিয়েছে। প্রথমার্ধ শেষে দুয়োটা অনেক কম ছিল। প্রত্যাশিত ফল না পাওয়াটাও স্বাভাবিক। দর্শকেরা কিন্তু কোথাও হস্তক্ষেপ করেননি। সব জায়গাতেই আমরা সমর্থকদের ভালোবাসা পেয়েছি। ব্রাজিল দলে আমরা আত্মবিশ্বাস পুনরুদ্ধার করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত