কে নির্বাচন বা রাজনীতি করবে তা ঠিক করবে জনগণ : মির্জা ফখরুল

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

কে নির্বাচন অংশ নিবেন বা রাজনীতি করবেন কি করবেন না তা ঠিক করবে জনগণ। একটি রাজনৈতিক দল হিসেবে তা আমরা নির্ধারণ করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি ভুল বুঝাবুঝি হয়েছে। উপদেষ্টাকে কোড করে বলা হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না কি আমরা দিয়েছি। এ কথাটি সঠিক না। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। 

বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, এখানে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনো কোনো দলকে নির্বাচনে আনতে মানা (নিষেধ) করেনি। কিন্তু হাসিনাসহ যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে রাজনীতি করতে দেবেন কি দেবেন না। এখানে আমরা কেউ নই, এ দায়িত্ব আমাদের না।

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন। রাতারাতি সবকিছু হয়ে যাবে না। ১৫ বছরের যে জঞ্জাল, সেটি সাফ (পরিষ্কার) করতে সময় লাগে। তারা অনেক কাজ করবে। শান্তি- শৃঙ্খলা ফিরে এসেছে তো। এখন কি আর আওয়ামী লীগের লোকজন অত্যাচার করতে পারে? উনাদের একটু সময় দিতে হবে। তারা কাজ শেষ করলে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। আমরা বলেছি এটি একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তাকে যে কষ্টে রাখা হয়েছিল তা চিন্তাও করতে পারবেন না। তারপরও কখনো তিনি মাথা নত করেনি। তিনি মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছেন। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি। 

বন্যায় বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে দলের মহাসচিব বলেন, বন্যায় এখানকার মানুষ অনেক কষ্ট করেছেন। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করেছে। শত নির্যাতনের পরেও আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশের ওপর যারা এত অত্যাচার করেছে, তারা পালিয়ে গেছে। 

এদিন বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি নির্বাচনটা দ্রুত করলে ভালো হয়। 

দুপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত