হানিমুনে স্ত্রীকে রেখে আলাদা ঘরে ছিলেন এ আর রহমান!

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

তিন দশক আগের কথা। মাত্রই সায়রা বানুকে বিয়ে করেছেন তরুণ সুরকার এ আর রহমান। বিয়ের পর গিয়েছেন হানিমুনে। আর সে সময় স্ত্রীকে রেখে আলাদা ঘরে ছিলেন তিনি। দক্ষিণী অভিনেতা রাশিন রহমানই এ কথা প্রকাশ্যে এনেছিলেন।

অভিনেতা রহমানের সঙ্গে পুরনো সম্পর্ক পরিবারটির। এক পুরনো সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায়, বিয়ের পর হানিমুনে সায়রাকে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিল তরুণ সুরকার। তখন রাত ১২টা কি ১টা বাজে। তিনি মজার ছলে তাদের ফোন করেছিলেন। ফোন ধরেন সায়রা।

অভিনেতা রহমান বলেন, সায়রা ঘুমিয়ে পড়েছিল। আমি যখন বললাম রহমান কোথায়, ও জানাল স্বামী ওর সঙ্গে নেই। দুজন আলাদা ঘরে থাকছেন। আসলে পাশের ঘরে বীণা বাজিয়ে সুর বানাচ্ছিলেন রহমান।

গতকাল মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান ও সায়রা বানু। এরপর থেকেই আলোচনা চলছে হঠাৎই কেন বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি।

১৯৯৫ সালের মার্চ মাসে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রেম করে নয়, পারিবারিক আয়োজনেই বিয়ে হয় তাদের। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে নিয়ে সংসার ছিল রহমানের। তিন দশকে এসে ভেঙে গেল সেই সংসার।

রহমান জানিয়েছিলেন, মায়ের পছন্দে বিয়ে করেছিলেন সায়রাকে। চেন্নাইয়ের সুফি সাধক মোতি বাবার মাজারে গিয়েছিলেন তার মা। সেখানেই প্রথম সায়রাকে দেখেছিলেন তিনি। আসলে মাজার থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল সায়রার বাড়ি। তাকেই পুত্রবধূ পছন্দ করেছিলেন রহমানের মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত