রিকশাচালকদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট, বন্ধ ট্রেন চলাচল

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় রাজধানীর নানা এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে করে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহাখালীতে রেললাইন অবরোধ করায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মহাখালীতে ট্রেন লাইনে রিকশা রেখে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশা চালকদের ধাওয়া দেন সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। এই রিকশাচালকদের কয়েকজনকে মহাখালী এলাকার একটি শপিংমলে ভাঙচুর করতেও দেখা গেছে। 

মহাখালী রেলগেট ও সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

এ বিষয়ে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার চালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।’

অপরদিকে, দুপুর ১টার দিকে রামপুরায় সড়ক থেকে রিকশাচালকদের সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষ ও পথচারীরাও ধাওয়া করে। এতে করে সড়ক থেকে সরে যান রিকশাচালকরা।

বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তারা মানেন না। এই নির্দেশ প্রত্যাহার চান তারা। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

এরআগে, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। 

হাইকোর্টের আদেশের পরদিন গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা। আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত