অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহাতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করা হয়েছে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা করিম গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত তদন্তপূর্বক কারণ উদ্ঘাটন করে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কারো নিকট কোনো প্রকার তথ্য (মৌখিক, ছবি, ভিডিও) থাকলে তা নিম্নেবর্ণিত ব্যক্তিগণের নিকট ফোন/ইমেইল এর মাধ্যমে বা আগামী ২৪ নভেম্বর (রবিবার) বেলা ১২টার মধ্যে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারের কক্ষে সরাসরি উপস্থিত হয়ে সরবরাহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত