২৩ রানের জন্য ফেরারি মিস শেবাগপুত্রের

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ দেখালেন বাবার সেই পুরনো দিনের ঝলক। বৃহস্পতিবার কোচবিহার ট্রফিতে মাত্র ২২৯ বলে অপরাজিত ২০০ রান করে দিল্লির হয়ে মেঘালয়ের বিপক্ষে দলকে বড় লিড এনে দেন এই তরুণ। নিজে ছিলেন ট্রিপল সেঞ্চুরির কক্ষপথে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ৩ রানের জন্য ট্রিপল বঞ্চিত হন তিনি।

আর্যবীর ৩০৯ বল খেলে ২৯৭ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ৫১টি চার ও ৩টি ছক্কা। এছাড়া অর্ণব বাগ্গা ১০৮ বলে ১৯ চার ও ৩ ছক্কায় করেন ১১৪ রান। ১৮ চার ও ৩ ছক্কায় ১২২ বলে ১৩০ রান করেন ধন্য নাকরা। তাদের তিনজনের ব্যাটে ভর করে দিল্লি পায় ৫ উইকেটে ৬২৩ রানের পাহাড়সম সংগ্রহ।

এলিট অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে মেঘালয় প্রথমে ব্যাট করে ২৬০ রান তোলে। এরপর আর্যবীরের ঝোড়ো ইনিংসের সুবাদে দিল্লি এগিয়ে যায়।

ছেলের এমন অর্জনের পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বাবা শেবাগ। সেখানে তিনি লিখেছেন, ‘ভাল খেলেছ আর্যবীর। মাত্র ২৩ রানের জন্য ফেরারি মিস করলে! তবে দারুণ খেলেছ, এই আগুন জ্বলতে থাকুক। আশা করি, তুমি ভবিষ্যতে আরও অনেক সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, এমনকি ট্রিপল সেঞ্চুরি করবে। খেলে যাও!’

শেবাগ ২০০৮ সালের ২৬ থেকে ৩০ মার্চ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি। ৩০৪ বলে খেলা এই ইনিংসে ছিল ৪২টি চার এবং ৫টি ছক্কা।

এই ইনিংসটিকে তার ভক্তরা মজা করে ‘ফেরারি’ নাম দিয়েছিলেন। ২০১৫ সালে শেবাগ একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে তিনি মজা করে বলেছিলেন, যদি তার সন্তানরা তার ক্যারিয়ারের সেরা টেস্ট স্কোর ৩১৯ রান ছাড়িয়ে যায়, তাহলে তিনি তাদের একটি ফেরারি উপহার দেবেন, এমনকি স্কুল ক্রিকেটেও। শেবাগ বলেছিলেন, ‘হ্যাঁ, আমার সন্তানরা জানে যে আমি টেস্ট ক্রিকেটে বেশ বড় স্কোর করেছি। তাই আমি তাদের বলেছি, যদি তারা সেই ৩১৯ রান ছাড়িয়ে যায়, এমনকি স্কুল ক্রিকেটে, তাহলে আমি তাদের একটি ফেরারি উপহার দেব।’

বীরেন্দ্র শেবাগকে ধরা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর ও বিধ্বংসী ব্যাটার হিসেবে। তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ওপেনিংয়ে ভারতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলে তিনি ছিলেন এক অপরিহার্য সদস্য। ওপেনিংয়ে তার দ্রুত রান তোলার দক্ষতা প্রতিপক্ষ বোলারদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। 

টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই শেবাগের দুর্দান্ত ইনিংস রয়েছে। টেস্টে তার চারটি দ্বিশতক ও দুটি ত্রিশতক বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে একটি পাকিস্তানের বিপক্ষে এবং অন্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডেতে তিনি ১৫টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ২০০ রানের ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। 

বাবার সেই অনন্য কীর্তির ছাপ নিয়ে আর্যবীরও নিজেকে প্রমাণের পথে এগিয়ে যাচ্ছেন, যা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে তার সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত