রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে: রেল উপদেষ্টা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন, বিগত সরকার ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করলেও এখন কোনো যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবার মান বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুরের পার্বতীপুর অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেললাইন স্থাপন করায় প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি। প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে।

এ সময় উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত