ভারত থেকে আমদানিকৃত কম শুল্কের আরও এক ট্রাক ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২০ নভেম্বর) রাতে ডিমের এ চালানটি বন্দরে প্রবেশ করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮শ’ ৪০ পিস মুরগীর ডিমের চালানটি খালাস নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সি অ্যান্ড এফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮শ’ ৪০টি ডিমের একটি চালান আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন কাস্টমস থেকে খালাস নিয়েছেন। আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। এখন থেকে প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এখন থেকে ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকার মধ্যে পাইকারি বাজারে বিক্রি করতে হবে।
বাজারদর নিয়ন্ত্রণ এবং সরবরাহ বাড়াতে গত মাসের ১৭ অক্টোবর শুল্ক কমানোর একটি আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই নির্দেশনায় গত ২০ অক্টোবর থেকে বেনাপোল কাস্টমসে ডিমের চালান ছাড় করানো হচ্ছে।
এ দিকে ডিম আমদানি বাড়ার ফলে বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪ থেকে ৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছে ক্রেতারা।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, গত বছরের ৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১৪ লাখ ৫২ হাজার ৯শ’ ৯০ পিস ডিম আমদানি হয়েছে। একটি মাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। সরকারের তরফ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনও ডিম আমদানি করেনি।
আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্ত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিচ্ছি। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ ৫ শতাংশ শুল্কে ডিম খালাস দিচ্ছে। এখন দাম আগের চেয়ে ৪-৫ টাকা কম। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে পাইকারি বিক্রি করা হচ্ছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, গত রাতে এক ট্রাক ডিম বন্দরে প্রবেশ করে। যা আমদানিকারক বৃহস্পতিবার রাত ৮টার দিকে খালাস নিয়েছেন। আমদানিকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে।
ভিসা কবে উন্মুক্ত করবে তা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
আ. লীগ বিষধর সাপের দল, নিষিদ্ধের আগে তাদের বিচার করতে হবে: জয়নাল আবেদীন
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ