বুমরার ৫ উইকেট, ভারতের লিড, পার্থ টেস্টে হচ্ছেটা কী?

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

দুই দলের স্কোরকার্ড দেখে যে কেউ প্রশ্ন করবে- পার্থ টেস্টে হচ্ছেটা কী? ম্যাচের প্রথম দিনেই গতকাল মাত্র দেড়শ রানে অল-আউট হয়ে যায় ভারত। জবাবে আজ দ্বিতীয় দিন প্রথম সেশনেই অস্ট্রেলিয়া অল-আউট হলো ১০৪ রানে। সফরকারীরা ৪৬ রানের লিড পেয়ে গেল। পাঁচ উইকেট শিকার করে বড় ভূমিকা রাখলেন ভারতীয় পেস তারকা জসপ্রিত বুমরাহ। অভিষিক্ত হর্ষিত রানাও কম যাননি।

৭ উইকেটে ৬৭ রান নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। গতকাল অপরাজিত থাকা মিচেল স্টার্ক করেন সর্বোচ্চ ২৬ রান। এরপর ৭৯ রানেই স্বাগতিকদের ৯ উইকেটের পতন ঘটে। একশর নিচে অল-আউট হওয়ার শঙ্কা তৈরি হলেও সেটা হতে দেননি স্টার্ক আর হ্যাজেলউড। শেষ উইকেটে তারা ১১০ বলে ২৫ রানের জুটি গড়েন। স্টার্ককে আউট করেই অজিদের ইনিংসে ইতি টানেন হর্ষিত রানা।

এর আগে দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে (২১) রিশাভ পান্তের গ্লাভসবন্দি করে পঞ্চম শিকার ধরেন বুমরা। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১১তম পাঁচ উইকেট। অজিদের প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ১৮ ওভার ৬ মেডেন ৩০ রান ৫ উইকেট। এছাড়া অভিষিক্ত পেসার হর্ষিত নিয়েছেন ৪৮ রানে ৩টি, আরেক পেসার মোহাম্মদ সিরাজের শিকার ২০ রানে ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত