উইন্ডিজের ৪৫০ রানের জবাবে টপাটপ উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম

ঘরে হোক কিংবা বাইরে- বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্যোগ অবশ্যম্ভাবী্ অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেও দেখা যাচ্ছে সেই দৃশ্য। যে উইকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে, সেখানেই দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ২ উইকেটে ৪০ রান তোলা সফরকারীরা এখনও ৪১০ রানে পিছিয়ে।

উইন্ডিজের ইনিংসে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন জাস্টিন গ্রেভস। তার ২০৬ বলে ১১৫ রানের ইনিংসে স্রেফ চারটি বাউন্ডারি ছিল। এছাড়া সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ব্যর্থ হয়েছেন ওপেনার মিকাইল লুইস (৯৭) এবং আলিক আথনেজ (৯০)। শেষদিকে ১৪৪ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন পেসার কেমার রোচ। বাংলাদেশের হযে ৮৭ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, দুটি করে নিয়েছেন তাসকিন আর মিরাজ।

নিজেদের প্রথম ইনিংসের দশম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। জেইডেন সিলসের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ৩৫ বলে ১৪ রান করা জাকির হাসান। পরের ওভারেই আলজারি জোসেফের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৩৩ বলে ৪)। এরপর মুমিনুল হক (৭*) এবং শাহাদাত হোসেন দিপু (১০) আর কোনো বিপদ ছাড়াই দিন শেষ করেন। ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত