বিভিন্ন বাহিনীর সাবেকদের নিয়ে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ডিএমপি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছেন। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন, তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হচ্ছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ কাজে নিযুক্ত করা হতে পারে এবং এক্ষেত্রে বয়সের সময়সীমাও বেধে দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।

অটোরিকশা চালকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা বলছি তাদের যদি কোনো দাবি থাকে সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত আছে আপনারা ওখানে গিয়ে বিক্ষোভ করেন। ওখানে গিয়ে করলে ট্রাফিক জ্যামটা কমবে আপনারা অন্যদের সমস্যায় না ফেলে বিক্ষোভের ব্যবস্থা করেন।

‘বাংলাদেশে সবাই তো আমরা ভাই-বোন তাদের দাবি আমরা মানব আমাদের দাবি তারা মানবে,’ বলেন তিনি।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা।

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) ও বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত