পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ৮২

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৩ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিয়া ও সুন্নি মতাবলম্বীদের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫৬ জন।

গত তিন দিন ধরে চলা এই সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ১৫৬ জন। সংঘাত বন্ধ করতে দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রশাসনিক কর্মকর্তারা

রবিবার (২৪ নভেম্বর) প্রদেশের স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে গত কয়েক মাস ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রদেশটিতে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় ৪৩ জনের প্রাণহানির পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘২১, ২২ ও ২৩ নভেম্বর সংঘর্ষ ও গাড়িবহরে হামলায় ৮২ জন নিহত ও ১৫৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি এবং ৬৬ জন শিয়া সম্প্রদায়ের।’

রাতভর হালকা ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গোলাগুলি অব্যাহত থাকায় শনিবার প্রায় ৩০০ পরিবার পালিয়ে যায়, তবে রবিবার সকালে নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এ কর্মকর্তা।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘কুররাম জুড়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে এবং প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

প্রাদেশিক সরকারের একটি প্রতিনিধি দল শনিবার শিয়া সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেছে এবং আজ সুন্নি সম্প্রদায়ের সাথে বৈঠক করার কথা ছিল।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি এএফপিকে বলেন, ‘আমাদের এখন অগ্রাধিকার হচ্ছে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করা। একবার এটি অর্জিত হলে, আমরা অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান করা শুরু করতে পারি।’

গত মাসে কুররামে সাম্প্রদায়িক সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়। এর আগে জুলাই ও সেপ্টেম্বরে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল এবং জিরগা বা উপজাতি পরিষদ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই তা শেষ হয়। পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে, জুলাই থেকে অক্টোবরের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে ৭৯ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত