ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে ফলোঅন থেকে বেচে গেছে বাংলাদেশ। ২৩ রানে মেহেদী হাসান মিরাজ যখন বিদায় নেন ফলোঅন এড়াতে তখনো প্রয়োজন ছিল ৮৫ রান। জাকের আলীর ৫৩ আর তাইজুলের ২৫ রানে ভর করে শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রানে। এখনো ১৮১ রানে পিছিয়ে মিরাজের দল।

৪৫০ রানে উইন্ডিজ ইনিংস ঘোষণা করেছিল। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মুমিনুল হক প্রতিরোধ গড়েন। তাতে প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ভালো কিছুর আভাস মিলছিল।

কিন্তু মুমিনুল ক্যারিয়ারের ২১তম ফিফটি করে সাজঘরে ফেরেন। লিটন আউট হন ৪০ রানে। তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

এরপর জাকেরকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন এই টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক মিরাজ। দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ।

সপ্তম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন জাকের ও তাইজুল। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন জাকের। তাইজুল (২৫ রান) ফিরলে জুটি ভাঙে। জাকের ফিরেছেন ৫৩ রান করে।

হাসান মাহমুদ ১৬ বলে ৮ রান করেন। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে আজ আবার ব্যাট করতে নামবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত