এস আলম গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে ইসলামী ব্যাংকের ২ কর্মকর্তাসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে অনুসন্ধান টিমেরে সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইসি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও খুরশীদ-উল-আলম, ইসি সদস্য নাজমুল হাসান ও শরীয়া মেম্বার সেক্রেটারি ড. আবদুস সামাদ।
অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস’সহ অন্যান্যরা ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে। এ ক্ষেত্রে ঋণ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ কর্মকর্তা।
জানা গেছে, সোমবার ব্যাংকটির উচ্চ পর্যায়ের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে তাদের মধ্যে চারজন হাজির হয়েছিলেন।
যারা উপস্থিত হননি তারা হলেন— এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, পরিচালক প্রফেসর (ড.) কাজী শহীদুল আলম, ইসি কমিটির সদস্য ও স্বতন্ত্র পরিচালক ড. মো. ফসিউল আলম এবং ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ।
দুদকের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়ে ডাকা যে চারজন হাজির হননি অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।
এর আগে গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম সচিব
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক 