রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য ঘুচবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আপনারা এ গণঅভ্যুত্থানে একজন বীর শহিদ পেয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন- তাদের যেন ভুলে না যাই। তাদের স্মরণে রাখার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। যারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন সেই শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, কর্মসংস্থানসহ সারাজীবন বাংলাদেশ সরকার যেন তাদের পাশে থাকতে পারে- এ বিষয়ে আমরা নিশ্চিত করব।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমাদের যে প্লাটফর্ম থেকে গণঅভ্যুত্থান হয়েছে তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারা দেশে উন্নয়ন করতে চাই। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না। 

পরে অসহায়-দুস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানে শহিদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহিদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন আসিফ মাহমুদ।

]ইউএনও নাজমুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সচিব (রুটিন দায়িত্ব) নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরীফ উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত