বাংলাদেশের লক্ষ্য ছিল ৩০০ রান করা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে বলা হয় বোলারদের স্বর্গ, সেই উইকেটেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দল গড়ে তুলল ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ২৫২ রান। এই দিন বাংলাদেশ দলের লক্ষ্য ছিল আরও বড়, ৩০০ রানের মাইলফলক ছোঁয়ার। ম্যাচ শেষে এমনটাই জানালেন দলের স্পিনার সুলতানা খাতুন। 

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শারমিন আক্তার, যিনি ৯৬ রানের অসাধারণ ইনিংস খেলে বাংলাদেশের ইনিংসকে ভিত্তি দিয়েছেন। তবে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন উইকেট শিকার করা সুলতানা খাতুন।

সংবাদ সম্মেলনে সুলতানাকে মিরপুরের উইকেট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, উইকেট ২৭০ রানের উপযুক্ত ছিল। তবে তাদের পরিকল্পনা ছিল ৩০০ রান করার। সুলতানা বলেন, ‘এই উইকেটটা ২৭০ রান হওয়া মতো। আমাদের পরিকল্পনা ছিল ৩০০ রান করা, কিন্তু তা করতে পারিনি।’

বাংলাদেশের বোলাররা দারুণ সফল হলেও সাফল্যের বড় কৃতিত্ব ব্যাটারদের দিচ্ছেন সুলতানা। ‘ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করেছে। বড় পুঁজি পাওয়ায় বোলিংটা সহজ হয়ে গিয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উইকেটের বাইরে বল করব না। যে বেশি উইকেটে বল রাখতে পেরেছে, সে বেশি সাফল্য পেয়েছে,’ বলেন সুলতানা। 

মিরপুরের উইকেট সম্পর্কে আরও বিস্তারিত জানাতে গিয়ে সুলতানা বলেন, ‘আজকের উইকেট ডাউন ছিল না। বেশির ভাগ বল কোমরের ওপর দিয়ে গেছে। যদি পিচ ডাউন থাকত, তাহলে বল হাঁটুর নিচ দিয়ে যেত। কিছু বল নিচু হয়েছে, কিন্তু এটা স্বাভাবিক।’ 

আইরিশ ব্যাটারদের বিপক্ষে ১৫৪ রানের বিশাল জয় পাওয়ায় দারুণ খুশি বাংলাদেশ দল। বড় সংগ্রহের সঙ্গে সঠিক পরিকল্পনায় বোলিং তাদের এনে দিয়েছে স্বপ্নের জয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকলেও পরবর্তী লক্ষ্যগুলোর জন্য বাংলাদেশের পরিকল্পনা আরও উচ্চমার্গের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত