বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘সন্ত্রাসবাদের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নাই,’ ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ,’ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলেও তার দোসররা এখনো এই বাংলায় রয়ে গেছে। তারা বিভিন্ন ব্যানারে থেকে সেই স্বৈরাচারী আগ্রাসন জারি রেখে শেখ হাসিনার ষড়যন্ত্রকে কায়েম করতে চায়। শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী আগ্রাসন থেকে মুক্ত করে যারা আমাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে সেই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় তারা। বাংলাদেশে স্বৈরাচারের দোসররা যাতে আর কোনো স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে এবং কোনো নিরীহ নেতৃত্বের ওপর হামলা করতে না পারে সেজন্য সচেষ্ট থাকতে হবে। প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’
নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণঅভ্যুত্থানের লক্ষ্য ও ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ইসকনের মাধ্যমে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। আজকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টা করা হয়েছে। খুনি হাসিনা মনে করে, গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বকে হত্যা করা গেলে বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব। কিন্তু বাংলার জমিনে লাখো হাসনাত, সারজিস রয়েছে। আমাদের শহিদ ও আহত ভাইদের অর্জনকে আমরা বৃথা যেতে দেব না। আপনারা গুলি করতে পারেন, ট্রাকচাপা দিতে পারেন কিন্তু আমরা একেকজন হাসনাত-সারজিস হয়ে ফিরে এসে এই বিপ্লবকে সমুন্নত রাখব।’
আজকের নামাজের সময়সূচি (২৮ নভেম্বর)
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করা হবে
যুক্তরাষ্ট্রের দূতাবাসে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিলেন খালেদা জিয়া