নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০), রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০) ও  শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়রা জানায়, দুপুরে রায়পুরা উপজেলার দড়িহাইরমারায় জমিতে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছিল। এ সময় পেছন থেকে ট্রাক্টরে উঠার সময় পরে গিয়ে চাকায় পিষ্ট হয় সাব্বির। পরে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, সাব্বিরের মরদেহ নরসিংদী জেলা হাসপাতালে আছে। এখনো লিখিত অভিযোগ পাইনি।

অন্যদিকে, দুপুর ১টায় শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারাচর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মারা গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

এর আগে সকালে নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার আইন উদ্দিন (৬০) সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় জেলা হাসপাতালে মারা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বিলাসদী এলাকার আল্লাহু চত্বরে পরিবারের লোকজন নিয়ে নিজের অটোরিকশায় যাচ্ছিলেন আইনউদ্দিন। যান্ত্রিক ত্রুটির কারণে তিনি নিচে পড়ে গেলে তার বুকের ওপর গাড়ির সামনের চাকা ওঠে যায়। আহত গুরুতর না হওয়ায় তিনি বাড়িতে চলে যান। পরে বৃহস্পতিবার সকালে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে গেলে সেখানে মারা যান। 

১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা এ এন এম মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইন উদ্দিন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত