সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বড় ধরনের সহিংসতায় জড়িয়েছে। এতে নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন কয়েক শ শিক্ষার্থী। এ অবস্থায় শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কো-কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নমুনাও প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এ ধরনের অনাহুত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে।
এতে আরো বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে, শিক্ষার্থীদের শিক্ষামুখী/শ্রেণিকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কর্তৃক অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণিকার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নির্দেশনায় কো-কারিকুলাম কার্যক্রমের ৯ দফা নমুনাও দেওয়া হয়-
১. শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান।
২. ‘বিজয়ের ৩৬ জুলাই’ ভিত্তিক গ্রাফিতি অঙ্কন। নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি। শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার প্রদান।
৩. ‘ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়’ ভিত্তিক থিমসং তৈরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশন। সফট অ্যালবাম তৈরি। শ্রেষ্ঠ থিমসংকে পুরস্কার প্রদান।
৪. গার্লস স্কুল ও কলেজে পার্সোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ।
৫. জাতীয় দিবস ‘আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ’ (বিএনসিসি-স্কাউট-রোভার সহযোগিতা)।
৬. ‘জুলাই বিপ্লব- কি, কেন, কিভাবে’ ছাত্র শিক্ষক অভিভাবকদের আলোচনা সভা।
৭. ‘তরুণ চোখে নৈসর্গ দর্শন’ শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীতীর/ চর/ উপকূল/পাহাড়/টিলা/ফসলি মাঠ দলবদ্ধ ভ্রমণ)।
৮. দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব-২৫ কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট/ভলিবল/ফুটবল খেলার আয়োজন।
৯. তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে Gen-Z Entrepreneur শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন।
সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
হজ নিবন্ধনের সময় ১৫ দিন বাড়ল