রিজওয়ানা হাসান

ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়নি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনও সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে এক ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দাবি অনেক উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন। এটা আদালত দেখবে।

তিনি বলেন, সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটা ব্যাপার আছে। সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর ওপরে জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, যে পদক্ষেপগুলো নেওয়ার সেগুলো আমরা নেব। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ হয়ে গেছে। দায়িত্ব নিলে নানা মুখি চাপের ভার বহন করতে হবে। এটা অস্বাভাবিক কিছু না। নির্বাচন কমিশন করতে হবে, করা হয়েছে, এটা একটা নিয়মতান্ত্রিক বিষয়। নিয়ম-তান্ত্রিকভাবেই করা হয়েছে। এটা কোনও চাপে করা হয়নি।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত