‘খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ক্রিকেটকে অনিশ্চতায় ফেলেছে ভারত’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে, কীভাবে হবে সে বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত নেবে আইসিসি। আয়োজক দেশ পাকিস্তান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি মেনে নেবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শাহিদ আফ্রিদি। সেইসঙ্গে ভারতকে একহাত নিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

রাজনৈতিক কারণে ২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত। গত বছর ভারতের চাপে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। কিন্তু দীর্ঘদিন পর একটি আইসিসি ইভেন্ট পেয়ে পাকিস্তান এত সহজে নত হতে চাচ্ছে না। এদিকে ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারতের সরকার। তারা পাকিস্তানে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

দুই দেশের এই অবস্থানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ভারত হাইব্রিড মডেলে এই আসর আয়োজনের কথা বলছে। এতে ভারতের ম্যাচগুলো দুবাই বা অন্য কোনো দেশে হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসির ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তান স্বাভাবিকভাবেই এটা মানতে পারছে না। এতে তাদের বিপুল আর্থিক ক্ষতিও হবে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি লিখেছেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি, বিশেষ করে যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত