বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান এ তথ্য জানান।
নিখোঁজ জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।
নিখোঁজ নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। একপর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজের ঘটনাটি অবহিত হওয়ার পর উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও তৎপরতা অব্যাহত রেখেছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজের সন্ধান মেলেনি।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি ঘটনাটি অবহিত হয়েছেন। এ ব্যাপারে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
লুটপাটের কারণে বাংলাদেশ ব্যাংকের কারও সাজা হয়নি
অবৈধভাবে বিক্রির সময় কুমিল্লায় টিসিবির ২ টন চাল-ডাল জব্দ