গাছে গাছে ঝুলছে মেয়েদের স্কুল ইউনিফর্ম, নেপথ্যে কী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০০ পিএম

একের পর এক গাছে ঝোলানো মেয়েদের স্কুলের ইউনিফর্ম। একটি বা দুটি নয় মোট আটটি ইউনিফর্ম। নীল রংয়ের জামা। চা বাগানের মাঝেই বিভিন্ন গাছে জামাগুলো ঝুলিয়ে রাখা। এরকম দৃশ্য দেখে হতচকিত হয়ে যান ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির স্থানীয় বাসিন্দারা।

শনিবার সকালে শিলিগুড়ির মাটিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কিন্তু কেন এ ভাবে গাছে ঝোলানো রয়েছে ইউনিফর্ম? মাটিগাড়ার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি ঘোষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথাও কোনো নাবালিকা নিখোঁজের অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে ইতোমধ্যে শহরের সব থানায় খোঁজ পাঠানো হয়েছে।

এলাকার দুটি হাইস্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরির কোনো ঘটনা ঘটেনি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুরের বক্তব্য, আমরা খোঁজ নিয়ে দেখছি। ঘটনার তদন্ত চলছে।

সকালে প্রাতঃভ্রমণের সময় বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে চা বাগানের কাছে জড়ো হন আশেপাশের বাসিন্দারাও। খবর দেওয়া হয় পুলিশকেও। ঘটনাস্থলে আসেন গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় বিডিও অফিসের প্রতিনিধিরা। পোশাকগুলো আশপাশের কোনো বাসিন্দার কিনা সে ব্যাপারেও খোঁজ নেওয়া হয়।

বিডিওর দপ্তরের পক্ষে কর্মকর্তা রবিন সরকার বলেন, মূলত প্রথম থেকে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের স্কুলের ইউনিফর্ম ঝুলিয়ে রাখা হয়েছে গাছে। তবে এগুলো কাদের পোশাক জানা যায়নি। মনে হয়, রাতের বেলায় কেউ ঝুলিয়ে দিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত