পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্লুইভার্ট

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নজিরবিহীন এক ঘটনা ঘটল শনিবার রাতে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে বোর্নমাউথের ৪-২ ব্যবধানে জয়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন জাস্টিন ক্লুইভার্ট। লিগের ইতিহাসে এটাই প্রথম পেনাল্টি থেকে করা হ্যাটট্রিক। 

সাবেক বার্সেলোনা তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্ট নিজের ৫০তম ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন। ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করার পর ১৮ মিনিটে করেন দ্বিতীয়টি। প্রথম ১৮ মিনিটের মধ্যেই দুই পেনাল্টি থেকে গোল করাও লিগের নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে নিজের তৃতীয় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে তিনি বলেন,‘ইতিহাসে জায়গা করে নেওয়াটা দারুণ অনুভূতি। আমি আনন্দে ভাসছি।’ 

শুধু ক্লুইভার্ট নন, রেকর্ড গড়েছেন বোর্নমাউথের আরেক তারকা ইভানিলসনও। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিনটি পেনাল্টি আদায়ের কৃতিত্ব দেখান তিনি। তার দৌলতেই বোর্নমাউথ পেয়েছে এই দুর্দান্ত জয়। 

শনিবারের রাতটি যেন পেনাল্টি গোলের জন্যই বিশেষ হয়ে থাকল। ক্লুইভার্টের হ্যাটট্রিক ছাড়াও আর্সেনালের ওয়েস্টহামের বিপক্ষে ৫-২ গোলের জয়ে দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। অন্যদিকে, ইপসউইচ টাউনের বিপক্ষে নটিংহাম ফরেস্টের ১-০ গোলের একমাত্র গোলটিও এসেছে পেনাল্টি থেকে। 

ওয়েস্টহামের মাঠে দারুণ ফর্মে ছিল আর্সেনাল। প্রথমার্ধেই পাঁচটি গোল করে ম্যাচের লাগাম নিজের হাতে নেয় দলটি। গ্যাব্রিয়েলের গোলে লিড নেওয়ার পর লিয়ান্দ্রো ত্রোসার্ড, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ এবং বুকায়ো সাকা স্কোরশিটে নাম লেখান। এর মধ্যে ওডেগার্ড ও সাকার গোল দুটি ছিল পেনাল্টি থেকে। 

ম্যাচ শেষে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ব্রাইটন ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ২৩, তবে এক ম্যাচ কম খেলা সিটির অবস্থান তালিকার চতুর্থ স্থানে। 

প্রিমিয়ার লিগে পেনাল্টি থেকে হ্যাটট্রিক, এক ম্যাচে তিন পেনাল্টি আদায় এবং অসাধারণ দলীয় পারফরম্যান্সের এমন দিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত