শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন

আওয়ামী লীগ শাসনামলে বছরে ১৬০০ কোটি ডলার পাচার

  • আওয়ামী লীগ শাসনামলে বছরে প্রায় ২ লাখ কোটি টাকা পাচার
  • এই প্রতিবেদন একটা ঐতিহাসিক দলিল, মন্তব্য প্রধান উপদেষ্টার
  • আগামীকাল সংবাদ সম্মেলনে শ্বেতপত্রের বিষয়ে বিস্তারিত জানানো হবে
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী টাকার অংকে এর পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। আজ রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিকখাতে যে ধরনের ঘটনা ঘটেছে, তা ছিল একটা আতঙ্কিত বিষয়। আমাদের সামনে এ ঘটনা ঘটেছে। কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেননি বলে তিনি উল্লেখ করেন।‘

কমিটির প্রতিবেদন ওয়েবসাইটে আপলোড করা হবে। এছাড়া আগামীকাল সংবাদ সম্মেলনে শ্বেতপত্রের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

জানা গেছে, বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরা হয়েছে রিপোর্টে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান ১১ জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কমিটিকে প্রতিবেদন দিতে তিন মাস সময় দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত